মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যুক্তরাষ্ট্র সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছে ফিলিপাইন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ

আন্তর্জাতিক ডেস্কঃ

 

যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছেদের ঘোষণা দিয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দূতের্তে। একই সঙ্গে তিনি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে তৈরি হওয়া সংকট আলোচনার মাধ্যমে সমাধানে রাজী হয়েছেন।

 

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন তিনি।

 

দুতের্তে বর্তমান চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছে। ইতিমধ্যে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।  দুতের্তে এবং শি জিনপিংয়ের মধ্যকার বৈঠকে বেশকিছু সহযোগিতা চুক্তি সই হয়েছে। ফিলিপাইনের বাণিজ্য মন্ত্রী র‌্যামন লোপেজ জানিয়েছেন, এই সফরে চীনের সঙ্গে ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করেছেন দুতের্তে।

 

বৃহস্পতিবার দুতের্তে বলেন, ‘এই ভেন্যুতে আমি যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্নতার ঘোষনা দিচ্ছি। কেবল সামরিক নয়, অর্থনৈতিক ও সামাজিক বিচ্ছিন্নতাও। আমেরিকা পরাজিত হয়েছে।’

 

ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘ আমি আপনাদের আদর্শের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।  আমি পুতিনের সঙ্গে কথা বলতে রাশিয়ায়ও যেতে পারি। আমি তাকে বলব চীন, ফিলিপাইন ও রাশিয়া আমরা এই তিন দেশ বিশ্বের বিরুদ্ধে।’

 

সম্প্রতি বেশ কয়েকটি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সম্পর্কের অবনতি ঘটে। ফিলিপাইনের প্রেসিডেন্ট গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘বেশ্যাপুত্র’ বলেও সম্বোধন করেছিলেন। এমনকি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাৎসরিক সামরিক মহড়ার সমাপ্তি ঘোষণা করেছেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /   ২০-১০-২০১৬ ইং/মোঃ হাছিব