মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক করলেন মোদী

BenjaminBlumenth ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

আন্তর্জাতিক ডেস্ক,

 

নতুন করে ভারতীয় সেনা ঘাঁটিতে পাক বাহিনীর হামলার পর কাশ্মির সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এরপরই সীমান্ত নিরাপত্তা বিষয়ে সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাপ্রধানরা ছাড়াও বৈঠকে আরো উপস্থিত ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত দোভাল।

ভারতীয় গণমাধ্যম বলছে, মঙ্গলবার পাক সেনার আক্রমণে কাশ্মির সীমান্তে এক ভারতীয় জওয়ান নিহত হয়। গত কয়েকদিনে একাধিকবার ভারতীয় ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। মঙ্গলবার বিকালে ভারত-পাক সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীকে বিস্তারিত জানান দেশটির সেনাবাহিনীর প্রধান দলবীর সিং সুহাগ। ভারতীয় সূত্র বলছে, সার্জিক্যাল স্ট্রাইকের মতো আবারো কোন অভিযান পরিচালনা করা যায় কি না সে বিষয়ে ভাবছে ভারত।

জানা গেছে, মঙ্গলবার সকালে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে আবারো হামলা চালিয়েছে পাকিস্তানি রেঞ্জার্স। পুঞ্চের কে-জি সেক্টরে অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পরে পাকিস্তানের আক্রমণের জবাবে পাল্টা হামলা চালিয়ে জবাব দেয় ভারতীয় বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর ছোঁড়া মর্টারে দুইজন ভারতীয় সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ভারত দাবি করছে, পাকিস্তান অধীকৃত কাশ্মিরে ভারতীয় বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে সীমান্ত এলাকায় গুলিবর্ষণ করেই যাচ্ছে পাকিস্তান। বিগত এক মাসে প্রায় একশত বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। সর্বশেষ গত রোববার পাক বাহিনীর হামলায় দুই বিএসএফ জওয়ানসহ সাধারণ একজন নাগরিক মারা যায়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম     ০৮ / ১১/ ২০১৬ ইং / মোঃ হাছিব