ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন মোদি শরিফ শিনজো আবে
আন্তর্জাতিক ডেস্ক,
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। প্রায় সবাই আমেরিকার সাথে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তবে এর পাশাপাশি কেউ কেউ আশঙ্কাও প্রকাশ করেন।
রাশিয়া ও আমেরিকার সম্পর্কের উন্নয়নে ট্রাম্পের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রথমেই অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের মধ্যে যৌক্তিক সংলাপের কথা বলেন। এছাড়া দেশ দুটির মাঝে সংকটপূর্ণ অবস্থা কাটিতে উঠতে সবাই মিলে কাজ করার আশা প্রকাশ করেন।
ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করে মোদি বলেন, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের সহযোগিতাই প্রয়োজন।
পাকিস্তান ও যুক্তরাষ্ট্র উভয়ের মধ্যে কৌশলগত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, ট্রাম্পের এই জয় আমেরিকানদের জয়। এটি একটি ঐতিহাসিক জয়।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ কী বিস্ময়কর উন্নতি করেছে তা স্বচক্ষে প্রত্যক্ষ করার জন্য ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।
মার্কিন নতুন এই নেতাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক বহাল থাকার আশা প্রকাশ করেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও অভিনন্দন জানিয়েছেন হোয়াইট হাউজের ভবিষ্যত বাসিন্দাকে। ইসরায়েলের সঙ্গে চলমান অস্থিরতার অবসান ঘটাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আশা করছি ফিলিস্তিন রাষ্ট্র গঠনে শান্তিপূর্ণ উপায় অবলম্বন করা হবে।
এছাড়া ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতেরতে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি, ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ / ৯-১১-২০১৬ ইং / মো: হাছিব