মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দুতের্তের হত্যার স্বীকারোক্তি, তদন্ত চায় জাতিসংঘ

BenjaminBlumenth ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ
আন্তর্জাতিক ডেস্ক,
সন্দেহভাজন অপরাধীদের নিজ হাতে হত্যার স্বীকারোক্তির পর ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান জাইদ রাদ আল-হুসেইন।
আল-হুসেইন বলেন, ‘ফিলিপাইনের বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করার জন্য অবশ্যই প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত করা দরকার।’
তিনি আরও বলেন, ‘যখন কোনো ব্যক্তি নিজ হাতে হত্যার কথা জনসমক্ষে স্বীকার করেন, তখন তার বিরুদ্ধে তদন্ত না করাটা কোনও বিচার ব্যবস্থার জন্য কল্পনাতীত।’ উল্লেখ্য, চলতি বছরের জুনে ক্ষমতায় আসার পর দুতের্তে মাদকের বিরুদ্ধে যে ‘যুদ্ধ’ শুরু করেন, তাতে ছয় হাজারেরও বেশি মানুষ বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের শিকার হন। এদের বেশিরভাগই পুলিশের হাতে নিহত হয়েছেন। ফিলিপাইনের সরকারি কর্মকর্তারা পুলিশের এই কর্মকাণ্ডকে প্রতিনিয়ত বৈধতা দিচ্ছেন।
বেফাঁস কথা বলার জন্য আলোচিত ফিলিপিনো প্রেসিডেন্ট দুতের্তে সম্প্রতি বলেছেন, ১৯৮৮ সালে দাভাও শহরের মেয়র থাকাকালে সন্দেহভাজন অপরাধীদের তিনি নিজ হাতে হত্যা করেছেন। মাদকবিরোধী পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তিনি বলেন, অপরাধীকে কিভাবে হত্যা করতে হয়, পুলিশকে তা শেখাতেই তিনি এ কাজ করেছিলেন।
ওই ভাষণে ফিলিপাইনের প্রেসিডেন্ট আর জানান, দাভাও শহরের মেয়র থাকাকালে তিনি নিজে মোটর সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় টহল দিতেন এবং বহু অপরাধীকে হত্যা করেছেন। তিনি বলেন,‘আমি তাদের মুখোমুখি হতে চাইতাম, যেন তাদের হত্যা করতে পারি।’ দুতের্তে ওই শহরে প্রায় ২০ বছর মেয়রের দায়িত্ব পালন করেন।
তার ওই মন্তব্যের জের ধরে দেশে-বিদেশে তর্ক বিতর্ক ও সমালোচনা শুরু হয়। এমন প্রেক্ষাপটেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জাইদ রাদ আল-হুসেইন তার বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন। আল জাজিরা।

   মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২১- ১২-২০১৬ ইং / মো: হাছিব