ট্রাম্পের উপদেষ্টারা রাশিয়ার সঙ্গে বারবার যোগাযোগ করেছেন
আন্তর্জাতিক রিপোর্টঃ
নির্বাচনী প্রচারণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বুধবার এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করার অভিযোগের মুখে সোমবার পদত্যাগ করেছেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। এর ২৪ ঘন্টা না পেরুতেই ট্রাম্পের উপদেষ্টাদের নিয়ে এ খবর প্রকাশিত হলো।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের ওয়েবসাইট রাশিয়ানদের হ্যাক করার বিষয়টি তারা জানতে পারেন। ওই সময়ই ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে কয়েকজন বারবার রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। মার্কিন গোয়েন্দারা এ সংক্রান্ত টেলিফোন আলাপগুলো রেকর্ড করতে সক্ষম হয়েছেন। ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে ঠিক কারা ওই সময় রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের নাম প্রকাশ করেননি মার্কিন কর্মকর্তারা। তবে তারা কেবল জানিয়েছেন, ট্রাম্পের প্রাক্তন নির্বাচনী প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফর্ট রাশিয়া ও ইউক্রেনে রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। অবশ্য বিষয়টি প্রকাশ পাওয়ার পরপরই পদত্যাগ করেছিলেন ম্যানাফর্ট।
এদিকে বিবিসি জানিয়েছে, নিজের উপদেষ্টাদের সঙ্গে রুশ কর্মকর্তাদের যোগাযোগের খবর প্রকাশিত হওয়ায় বুধবার টুইটার বার্তায় ট্রাম্প মার্কিন গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ এবং এফবিআই বেআইনিভাবে তথ্য প্রকাশ করছে।