মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ওবামার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউজ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮২ বার পঠিত ২ মিনিটের পাঠ

আন্তর্জাতিক রিপোর্ট: 

নির্বাচনী প্রচারের সময় পূর্বসূরি বারাক ওবামা ট্রাম্পের ফোনে আড়িপাতার আদেশ দিয়েছিলেন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন সে বিষয়টি তদন্ত করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউজ। এছাড়া নির্বাচনকালে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সংশ্লিষ্টতার তদন্তে ওবামা তার নির্বাহী ক্ষমতার অপব্যবহার করেছেন কি না তাও খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। রোববার টুইটার বার্তায় হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার এ দাবি জানিয়েছেন।

চারটি টুইটার বার্তায় সিন স্পাইসার বলেছেন, ‘রাশিয়ার কর্মকাণ্ড নিয়ে তাদের তদন্তের অংশ হিসেবে কংগ্রেসের গোয়েন্দা বিষয়ক কমিটিকে ২০১৬ সালে নির্বাহী বিভাগ তাদের ক্ষমতার অপব্যবহার করেছে কি না তা খতিয়ে দেখতে অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’

তিনি বলেন, ‘এ ধরণের তদন্ত চলাকালে হোয়াইট হাউজ কিংবা প্রেসিডেন্ট কেউই আর কোনো মন্তব্য করবেন না।’

শনিবার টুইটারবার্তায় ট্রাম্প দাবি করেছিলেন, নির্বাচনী প্রচারণাকালে বারাক ওবামা নিউ ইয়র্কে তার অফিসের ফোনে আড়ি পাততে নির্দেশ দিয়েছিলেন।

শনিবার টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘ভয়ানক! এইমাত্র জানতে পারলাম নির্বাচনে জয়লাভের মাত্র কিছুদিন আগে ওবামা ট্রাম্প টাওয়ারে আমার টেলিফোনে আড়ি পেতেছিলেন। কিছুই পাননি।’

তিনি লেখেন, ‘কতটা নিচে নেমে প্রেসিডেন্ট ওবামা খুবই শুদ্ধ একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আমার ফোনে আড়িপাতার মত কাজ করলেন। এটা নিক্সন/ওয়াটারগেটে মত। খারাপ (অথবা অসুস্থ) মানুষ!’