ভারতে কৃষক বিক্ষোভে গুলিতে নিহত কমপক্ষে ৫ জন
আন্তর্জাতিক রিপোর্ট: ভারতের মধ্য প্রদেশের প্রত্যন্ত মান্দসাউর অঞ্চলে কৃষক বিক্ষোভে গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
এনডিটিভি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং এনডিটিভির কাছে দাবি করেছেন, কৃষকদের বিক্ষোভে পুলিশ গুলি চালায়নি। তবে কে বা কোন পক্ষ গুলি চালিয়েছে, তাও পরিষ্কার করতে পারেননি তিনি।
ভূপেন্দ্র সিং দৃঢ়তার সঙ্গে বলেন, পুলিশের কাছ থেকে গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি এবং এ ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, সমাজবিরোধীরা গুলি চালিয়েছে।
কিন্তু ভূপেন্দ্র সিংয়ের দাবির সঙ্গে একমত নন উজ্জাইন বিভাগের কমিশনার ওম ঝা। তার দাবি, বিক্ষুব্ধ কৃষকদের নিয়ন্ত্রণ করতে গিয়ে দুপুর ২টার দিকে ফাঁকা গুলি চালায় পুলিশ। এ সময় দুই কৃষক নিহত হন এবং আহত হন বেশ কয়েকজন।
এদিকে, গণমাধ্যমে বলা হচ্ছে, পুলিশ গুলি ছোঁড়ার আগে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন ক্ষুব্ধ কৃষকরা। সোমবার রাতে রেললাইনের পাত উঠিয়ে ফেলেন তারা।
অন্যদিকে, কৃষক বিক্ষোভ নিয়ে সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। এক টুইটে তিনি বলেছেন, কৃষকদের সঙ্গে যুদ্ধে নেমেছে সরকার।
তবে বিক্ষোভ উসকে দেওয়ার জন্য বিরোধী দলগুলোকে দূষছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। ২০০৫ সাল থেকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি।