যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে চলছে শেষ সময়ের নির্বাচনী প্রচার-প্রচারণা
টরি পার্টির নেতা মে দাবি করছেন, তিনিই একমাত্র নেতা যিনি ব্রিটেনের নেতৃত্ব দিতে সক্ষম। তিনিই পারেন ব্রেক্সিট চুক্তিতে সঠিক সমঝোতা করতে।
টরি পার্টির ‘আরো পাঁচ বছরের কৃচ্ছ্রতা’র বিষয়ে সতর্ক করে লেবার পার্টির করবিন শিক্ষা ও স্বাস্থ্যখাতে অধিক ব্যয়ের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।
টরি ও লেবার পার্টির পর বড় দলের মধ্যে উল্লেখ্য হলো লিব ডেম ও ইউকেআইপি। এ দুটি দল প্রধান দুই দলের সমালোচনা করে ভোট চাইছে।
যুক্তরাজ্যের নির্বাচনী হিসাব-নিকাষ বেশ জটিল। স্কটল্যান্ডের এসপিএন পার্টি নিজ রাজ্যে খুবই শক্তিশালী। দলীয় প্রধান নিকোলা স্ট্রুজন লেবার পার্টির বিরোধিতা করে ভোট চাইছেন। ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের স্থানীয় দলগুলো নিজ নিজ অ্যাজেন্ডা নিয়ে ভোটারদের কাছে ছুটছে।
নির্বাচনের আগে যুক্তরাজ্যে দুটি বড় হামলা হয়েছে। ম্যানচেস্টার ও লন্ডন হামলায় নির্বাচনী হাওয়া কিছুটা হলেও এলোমেলো ঘুরছে। প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা ব্যবস্থা। থেরেসা মে মঙ্গলবার বলেছেন, সন্ত্রাসীদের দমনে যদি মানবাধিকার আইন সংশোধনের প্রয়োজন হয়, তা করবেন তিনি। তবে তার এই ঘোষণা বিরোধীদের কাছে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। বিরোধীদের দাবি, মৌলিক অধিকারের বিষয়গুলো সবসময় বহাল থাকবে।
এদিকে, নির্বাচনে হার-জিত নিয়ে সবশেষ তিনটি আগাম জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। অপিনিয়াম, সারভেশন ও আসিএম- এই তিনটি জরিপ প্রতিষ্ঠান জরিপ চালিয়েছে। তিন জরিপেই থেরেসা মের পার্টি এগিয়ে রয়েছে।