জেরুজালেমে মার্কিন দূতাবাসের রোড সাইন স্থাপন
আন্তর্জাতিক রিপোর্ট : ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের অন্তত তিনটি স্থানে মার্কিন দূতাবাসের রোড সাইন (সড়ক নির্দেশক) স্থাপন করা হয়েছে। সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আগামী সপ্তাহে তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করা হবে।
খবরে বলা হয়েছে, ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় এসব রোড সাইন স্থাপন করা হয়েছে। জেরুজালেমের দক্ষিণে মার্কিন কনস্যুলেট ভবনের কাছে এসব স্থাপন করেছেন কর্মীরা। ১৪ মে তেল আবিব থেকে এই কনস্যুলেট ভবনেই মার্কিন দূতাবাস স্থানান্তর করা হবে।
ইহুদি-খ্রিস্টান ও মুসলিম; তিন সম্প্রদায়ের মানুষের জন্য তাৎপর্যপূর্ণ ধর্মীয় তীর্থস্থান জেরুজালেম। ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে চায় ফিলিস্তিন। আর আন্তর্জাতিক সম্প্রদায়ও শহরটিকে ইসরায়েলের অংশ হিসেবে মেনে নেয়নি।
গত বছর ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় সারাবিশ্বে নিন্দার ঝড় ওঠে। উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো জোট। মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় জোট ওআইসি ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দেয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-মে–২০১৮ইং/এন