গাইবান্ধায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের পর চুল কর্তন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ গাইবান্ধায় এক প্রতিবন্ধী নারীকে নির্যাতনের পর তার চুল কেটে মাথায় আলকাতরা দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। শনিবার এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতনের শিকার শিল্পী আক্তারের মা মর্জিনা বেগম অভিযোগ করেন, গত বৃহস্পতিবার তার মেয়ের শারীরিক প্রতিবন্ধী স্বামী বুলু মিয়ার বিরুদ্ধে চুরির অপবাদ দেয় প্রতিবেশী রিজু মিয়া। সন্ধ্যায় শিল্পীকে বাড়িতে নিয়ে গিয়ে রিজু ও তার মা অমানুষিক নির্যাতন চালায়। পরে চুল কেটে তার মাথায় আলকাতরা লাগিয়ে দেয় তারা। এরপর হাত পা বেঁধে শিল্পীকে পুকুরে ফেলে দেয় রিজু।
খবর পেয়ে শিল্পীকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই রাতেই পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন শিল্পীর মা। তিন দিন পর শনিবার বিকেলে পলাশবাড়ী থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে এবং অভিযুক্ত রিজুকে গ্রেফতার করা হয়।
মর্জিনা বেগম জানান, তিনি গৃহকর্মীর কাজ করেন। মেয়েকে হাসপাতালে রেখেই তাকে অন্যের বাসায় কাজ করতে হচ্ছে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ আলী বলেন, শিল্পীর শরীরে জখমের চিহ্ন ছিল।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, অভিযুক্ত রিজুকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রফতারে অভিযান শুরু হয়েছে।