গণজাগরণ মঞ্চের প্রশ্ন : হামলার পরবর্তী টার্গেট কে?

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বাংলাদেশে লেখক ও প্রকাশকদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের উদ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে একটি প্রতীকী কফিন মিছিল করা হয়েছে আজ।
তবে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পৌঁছাতে পারেনি মিছিলটি। সচিবালয়ের ফটকে পুলিশ তাদের বাধা দিলে সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন সমবেতরা।
২০১৩ সাল থেকে এ পর্যন্ত নিহত হওয়া পাঁচজন ব্লগার ও সম্প্রতি নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের হত্যাকাণ্ডের প্রতিবাদে ছয়টি প্রতীকী কফিন বহন করতে দেখা যায় মিছিলে। এ ছাড়া একটি কফিন বেশি ছিল মিছিলে। এর মধ্য দিয়ে যে প্রশ্নটি তুলে ধরা হয় সেটি হলো : ”হামলার পরবর্তী টার্গেট কে”?
সচিবালয়ের গেটে পৌঁছালে কফিন মিছিলটি পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। এরপর তাদের পাঁচজনের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
গত ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। একই দিন লালমাটিয়া এলাকায় শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদ রশীদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুর ওপরও হামলা হয়।