রাজধানীর মধ্য বাড্ডায় ১৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ৩ জন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রাজধানীর মধ্য বাড্ডায় শমশের গ্রুপের অফিস থেকে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় ওই ভবনের সিকিউরিটি গার্ডসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় ফিরোজ হোসেনকে গোপালগঞ্জ থেকে, রানা সরদারকে খুলনা সদর থেকে এবং ফারুক মিয়াকে সাভারের নবীনগর থেকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ। শনিবার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ওই ভবনের সিকিউরিটি গার্ড মো. ফারুক মিয়া (২৮) এবং তার অপর দুই সহযোগী মো. রানা সরদার (৩৮) ও মো. ফিরোজ হোসেন (৫২)। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কমকর্তা আমিনুল ইসলাম জানান, গত এক মাস আগে ফারুক ৭৩/৩ বাড্ডায় শমশের গ্রুপের অফিস ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কাজে যোগদান করেন। প্রথম মাসের বেতন পেয়ে গত ৮ নভেম্বর রাতে তিনি অপর দুই সিকিউরিটি গার্ডকে খাওয়ানোর কথা বলেন।
এরপর খাবারের মধ্যে চেতনানাশক মিশিয়ে তাদের অজ্ঞান করে দুই সহযোগীকে নিয়ে ওই অফিসের ভেতরে ঢুকে ১৬ লাখ টাকা লুট করেন। এ ঘটনায় ৯ নভেম্বর বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে এ তিন জনকে গ্রেপ্তার করা হলো, জানান তিনি।