জুয়ার টাকা দিতে না পারায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ জুয়া খেলার টাকা দিতে না পারায় ময়মনসিংহের নান্দাইলে লাকী আক্তার (২৫) নামে এক গৃহবধুকে তাঁর তিন বছরের শিশুর সামনেই শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।
আজ বুধবার ভোরে উপজেলার আচারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পালানোর সময় সকালে এলাকার লোকজন গৃহবধুর স্বামী মজিবুর রহমান (৩২) ও শাশুড়ি হাদিসা বেগমকে (৫০) আটক করে পুলিশে দেয়।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, আচারগাঁও ইউনিয়নের আচারগাঁও বন্দের বাড়ি এলাকার মো. শামসুদ্দিনের মেয়ে লাকী আক্তারের বিয়ে হয় একই এলাকার তপন মিয়ার ছেলে মজিবুর রহমানের সঙ্গে। গত সাত বছরের দাম্পত্য জীবনে তাদের এক পুত্র সন্তান রয়েছে। লাকীর মা ফাতেমা বেগম জানান, বিয়ের কিছু দিন পর থেকে মজিবুর রহমান বাড়ির সামনে দোকান দেওয়ার জন্য ২০ হাজার টাকা দাবি করে আসছিলেন। মেয়ের সুখের কথা চিন্তা করে তিনি দুই দফায় ২০ হাজার টাকা দেন। কিন্তু দোকান না করে জুয়া খেলে সব টাকা খরচ করে ফেলেন তিনি। এ অবস্থায় আবারো টাকার দাবিতে লাকীর ওপর শুরু করেন নির্যাতন।
লাকীর ভাবি হাবিবা বেগম জানান, ভোর ৪টার দিকে মজিবুরের ছোট ভাই আইকুল তাদের বাড়িতে এসে তাঁর শাশুড়িকে জানান, লাকী তাকে ডাকছে। তিনি গিয়ে দেখেন ঘরের ভেতর চৌকিতে কাঁথা দিয়ে ঢাকা নিথর দেহ পড়ে রয়েছে লাকীর। তাঁর চিৎকার শুনে লোকজন ছুটে এসে লাকীকে মৃত দেখে পুলিশে খবর দেয়। এ বিষয়ে নান্দাইল থানার ওসি মো. আতাউর রহমান জানান, লাকীর লাশ দেখে ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।