মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নিখোঁজের দু’দিন পর চাঁদপুরে যুবকের লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত

dead body
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ নিখোঁজের দু’দিন পর চাঁদপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান শেষ বর্ষের ছাত্র শুভ সাহা চঞ্চলসহ (২২) দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে লাশ দু’টি পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়।
চঞ্চল চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার সত্য নারায়ণ সাহার একমাত্র ছেলে। অপর জনের পরিচয় জানা যায়নি।
চঞ্চলের বোন জামাই বিপ্লব সাহা বলেন, ‘১ ডিসেম্বর রাত সোয়া ১টার দিকে চঞ্চল তার বাবাকে একটু বাইরে থেকে আসি বলে ঘর থেকে বের হয়। এরপর রাতে আর ঘরে না ফেরায় পরদিন তার বাবা সত্য নারায়ণ চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ তাদের জানায়, চাঁদপুর শহরের ঢালীর ঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে একটি লাশ ভাসছে। আমরা সেখানে গিয়ে নিশ্চিত হই এটা চঞ্চলের লাশ।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, লাশটির সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। পরে এ ঘটনায় মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।
এদিকে সকাল ৯টায় রাগৈ এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাগৈ এলাকার গ্রাম পুলিশ আনোয়ারা জানান, সকাল সাড়ে ৭টার দিকে গ্রামবাসী রাস্তার পাশে যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে শাহরাস্তি থানায় সংবাদ দেয়। ওই যুবকের গায়ে সাদা শার্ট, পরনে জিন্সের প্যান্ট ও পায়ে কালো স্যান্ডেল ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহরাস্তি থানার ওসি মিজানুর রহমান জানান, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা হবে।