বিএনপির মেয়র প্রার্থীর প্রাণের ভয়ে মনোনয়নপত্র প্রত্যাহার

প্রাণের ভয়ে জামালপুরের মাদারগঞ্জে বিএনপির মেয়র প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে অভিযোগ করেছে জামালপুর জেলা বিএনপি।
এতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির ছোট ভাই আওয়ামী লীগ প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। তবে আওয়ামী লীগ প্রার্থীর দাবি, মাদারগঞ্জের জনবিচ্ছিন্ন বিএনপি প্রার্থী নিজের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কায় তার মনোনয়নপত্র প্রত্যাহার করে গা-ঢাকা দিয়েছেন।
এ ব্যাপারে মাদারগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ড. মো. কামরুজ্জামান জানান, মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির এর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বর্তমান মেয়র মো. মোশারফ হোসেন তালুকদার লেমন রবিবার বিকালে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিএনপি প্রার্থী মো. মোশারফ হোসেন তালুকদার লেমন প্রত্যাহারপত্রে শারিরীক অসুস্থ্যতার কারণে দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার আবেদন করেন। এতে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবিরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এ প্রসঙ্গে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল কবির তালুকদার লাঞ্জু দাবি করেন, সম্প্রতি আওয়ামী লীগ প্রার্থী ও তার সহযোগীরা বিএনপির মেয়র প্রার্থী মোশারফ হোসেন তালুকদার লেমনকে প্রাণনাশের হুমকি দেয়। তাই প্রাণের ভয়ে তিনি মেয়র পদের প্রার্থীতা প্রত্যাহার করে আত্মগোপনে চলে গেছেন। আর প্রার্থীতা প্রত্যাহারের পর থেকে মোশারফ হোসেন তালুকদার লেমনকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।
অপরদিকে মাদারগঞ্জ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র আওয়ামী লীগ প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির জানান, বিএনপির মেয়র প্রার্থী মোশারফ হোসেন তালুকদার লেমন বিগত মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর বছরের অধিক কর্মদিবসেই ঢাকায় অবস্থান করেছেন। এতে তিনি মাদারগঞ্জে জনবিচ্ছিন্ন নেতা হিসাবে পরিচিত হওয়ার পরও আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র নেওয়ায় মাদারগঞ্জের বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তার কাছে ৫০ লাখ টাকা দাবি করে। আর বিএনপি নেতাদের দাবিকৃত ওই টাকা না দেওয়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান তালুকদার আবুসহ বিএনপির শতাধিক নেতাকর্মী গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন। এতে লেমন তালুকদার আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তার জামানত হারানোর আশঙ্কায় প্রার্থীতা প্রত্যাহার করে গা ঢাকা দিয়ে থাকতে পারেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে কোন প্রকার ভয়ভীতি বা প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি।