নেত্রকোনায় ইঞ্জিনচালিত ট্রলির চাপায় শিশুর মৃত্যু

নেত্রকোনা সংবাদদাতাঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলির চাপায় মোরসালিন মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই ট্রলির মালিককে মারধর করে তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। আজ বুধবার বিকেলে বারহাট্টা উপজেলার কর্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার দুপুরে কর্ণপুর গ্রামে রাস্তার পাশে শিশুটি খেলছিল। তখন একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ট্রলিরচালক পালিয়ে যান। কিন্তু স্থানীয় লোকজন ওই ট্রলিটি আটক করে। খবর পেয়ে ট্রলির মালিক ওয়াহাব আলী মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছান। তখন লোকজন তাঁকে মারধর করে এবং তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। মারধর শেষে ছাড়া পাওয়ার পর ট্রলির মালিক ওয়াহাব আলী স্থানীয় হাসপাতালে থেকে চিকিৎসা নেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।