বগুড়ায় ছুরিকাঘাতে ভাড়াটিয়ার হাতে বাসার মালিক খুন

বগুড়া শহরের সেউজগাড়িতে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাসার মালিক খাজিরুন নেছা (৯০) নিহত হয়েছেন। খবর পেয়ে আজ শনিবার দুপুরে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ওই বাড়িতে লাকী (২২) নামে এক হোটেল বয় ভাড়া থাকতেন। বাড়িতে অন্য কেউ না থাকায় খাজিরুনকে দেখাশোনা করতেন লাকী। লাকী একজন মাদকসেবি। নেশার টাকা জোগার করতেই লাকী বাসার মালিক খাজিরুনকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।
এ ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, বাসার মালিক খাজিরুন নেছা হত্যাকাণ্ডে ভাড়াটিয়া জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, লাকী নামে ওই যুবককে আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-১২-২০১৫ইং/নিঝুম