বুড়িগঙ্গা নদীর বাদামতলী টার্মিনালে লঞ্চ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বুড়িগঙ্গা নদীর বাদামতলী লঞ্চ টার্মিনালে নোঙ্গর করা এমভি জলতরঙ্গ নামের একটি লঞ্চের ভেতর থেকে অজ্ঞাতনামা (২০) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সামসুল আলম জানান, এমভি জলতরঙ্গ নামে লঞ্চটি সদরঘাট-চাদপুর রুটে চলাচল করে। সংস্কার কাজ করার জন্য লঞ্চটি ডকইয়ার্ডে নেওয়ার আগে বাদামতলী ৬নম্বর ঘাটে নোঙ্গর করা হয়েছিলো। সন্ধ্যার পর লঞ্চের লোকজন ডেকের ভিতর এক যুবককে ঘুমাতে দেখে ডাক দেন। পরে যুবকটি ঘুম থেকে না উঠলে তাদের সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে লঞ্চের দ্বিতীয় তলার ডেক থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, নিহতের পরনে রয়েছে ছাই রংয়ের শার্ট ও জিন্স প্যান্ট। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি।