ভোলায় সরকার দলীয় দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থী মেজবাহউদ্দিন লিটন ও ইউছুফের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতাল ও একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে এ সংঘর্ষের পর আজ বৃহস্পতিবার দিনব্যাপী ওই এলাকায় উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইউছুফনগর বাজারের সামনে ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইউছুফের উঠোন বৈঠক চলাকালে একই দলের বিদ্রোহী প্রার্থী মেজবাহউদ্দিন লিটনের কর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের কর্মী-সমর্থকরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রাকিব, জাহিদ, শিমুল, বাহালুল, ইয়ামিন, কাসেম ও মামুনসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত রাকিবকে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
খবরের সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসির দায়িত্বে নিয়োজিত রফিকুল ইসলাম জানান, সংঘর্ষে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন। তবে, কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।