নিঝুমদ্বীপের ম্যানগ্রোভ বনাঞ্চল ও চিত্রল হরিণ রক্ষার দাবিতে মানববন্ধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপের ম্যানগ্রোভ বনাঞ্চল ও চিত্রল হরিণ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার নোয়াখালীর হাতিয়ায় দ্বীপের নামার বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় লোকজন অংশ নেয়।
‘নিঝুমদ্বীপের বন বাঁচাও, হরিণ বাঁচাও’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে উপকূল বাঁচাও আন্দোলন।
এই আন্দোলনের মুখপাত্র সাংবাদিক শাহেদ শফিক মানববন্ধনে বলেন, ‘নিঝুমদ্বীপ শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্ববাসীর জন্য একটি দর্শনীয় স্থান। মায়াবী হরিণসহ বিপুল সংখ্যক বন্যপ্রাণী দ্বীপে পর্যটনের সম্ভাবনাকে জাগিয়ে তুলেছে। সম্প্রতি ভূমিদস্যু ও জল ডাকাতরা নির্বিচারে দ্বীপের ম্যানগ্রোভ বনাঞ্চলের গাছ নিধন করে চলেছে। যা প্রকৃতিপ্রেমী মানুষকে হতবাক করে তুলেছে।’
তিনি দ্বীপের বনাঞ্চলের বর্তমান পরিস্থিত তুলে ধরে বলেন, ‘নোয়াখালী, বো বাজার ও দুবাই খালসহ দ্বীপের সর্বত্রই হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। বৃক্ষ নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগামী এক বছরের মধ্যে নিঝুমদ্বীপের ম্যানগ্রোভ বনের অস্তিত খুঁজে পাওয়া যাবে না।’
মানববন্ধনে দ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহীম পার্টি বলেন, ‘দস্যুদের নির্বিচারে গাছ কাটার কারণে নিঝুমদ্বীপের ৫০ হাজার হরিণ হারিয়ে গেছে। নিঝুমদ্বীপের কথা শুনে দেশ বিদেশের পর্যটকরা নিঝুমদ্বীপে আসে কিন্তু তারা হরিণ দেখতে পায় না। দ্বীপের এমন অবস্থার কারণে এখন পর্যটক কমে গেছে।’
নিঝুমদ্বীপ ঘুরতে আসা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সেনবাগ উপজেলা সভাপতি মাসুদ মানববন্ধনে বলেন, ‘নিঝুমদ্বীপ দেখতে এসে আমরা আজ হতাশ। তাই আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। সরকার যদি এই দ্বীপকে বাঁচাতে এগিয়ে না আসে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই নিঝুমদ্বীপ হারিয়ে যাবে।