মাগুরার শ্রীপুরে ক্রিকেট খেলা নিয়ে চরউদাস গ্রামে সংঘর্ষে বাড়িঘর ভাংচুর-লুটপাট

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): শ্রীপুর উপজেলার চরউদাস গ্রামে ক্রিকেট খেলা নিয়ে রবিবার বিকেলে দু’দল গ্রামবাসির সংঘর্ষে অন্তত ১০ জন আহত এবং ১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
নজরুল ইসলাম নামে ওই এলাকার বাসিন্দা জানায়, ক্রিকেট খেলা নিয়ে বিকাল ৫টার দিকে চরউদাস গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে খালিম ও রহিম বিশ্বাসের ছেলে প্লাবনের হাতাহাতি হয়। যা নিয়ে উভয় দলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় উভয় পক্ষের আতিয়ার বিশ্বাস (৪৫), বসির মন্ডল (৪০), রুহুল (৪০), আনিস (২১), রফিক জোয়ার্দার (৩০), নাজমূল খান (২৫)সহ অন্তত ১০ গুরুতর আহত হয়েছেন। এছাড়া পবন, সেলিম, কলিম, লোকমান, ওহেদ খান, হাফিজ, মালেক, নান্নু, মোতালেব জোয়ার্দারের বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
উভয় পক্ষের সংঘর্ষ চলাকালের আহতদের মধ্যে ৩ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে।
শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০১-১৬/মোঃ সোহেল রানা/মইনুল হোসেন