মাগুরার সাহিত্যিক ডা. লুৎফর রহমানের ১২৭তম জন্মজয়ন্তি

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক ডা. লুৎফর রহমানের ১২৭ তম জন্মজয়ন্তি শনিবার তাঁর নিজ বাড়ি মাগুরার হাজিপুরে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে লেখকের পৈত্রিক বাড়িতে স্মৃতি তোরণ উদ্বোধন, কবরে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনাসভা ও মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করে ডা. লুৎফর রহমান ফাউন্ডেশন ও চর্চা কেন্দ্র।
দুপুরে মাগুরা জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বরেণ্য লেখকের স্মৃতির উদ্দেশ্যে তৈরী তোরণের উদ্বোধন করেন। পরে তাঁর কবরে পুস্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ। এরপর স্থানীয় ডা. লুৎফর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সাহিত্য আলোচনা। সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় লুৎফর রহমানের জীবন ও সাহিত্য কর্মের উপর প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক অধ্যাপক মুসাফির নজরুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরার জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রোস্তম আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ রবিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন রায়, প্রয়াতের নাতি ইঞ্জিনিয়ার মোঃ সাইদ রেজা, সাংবাদিক শামীম আহমেদ খান ও অন্যরা।
সভা শেষে এই বরেণ্য সাহিত্যিকের পরিবারের সদস্যদের পক্ষ থেকে স্থানীয় প্রায় দুইশত মুক্তিযোদ্ধার মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
ডা. লুৎফর রহমান ১৮৮৯ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করে ১৯৩৬ সালে ৩১মার্চ মাত্র ৪৮ বছর বয়সে মারা যান। তার লেখা উন্নত জীবন, মহৎ জীবন সহ বিভিন্ন প্রবন্ধ স্কুল কলেজের পাঠ্য হিসেবে সমাদৃত। এছাড়া তিনি তার কালজয়ী লেখা উচ্চ জীবন, মহা জীবন, ধর্ম জীবন, যুব জীবন, মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবনসহ একাধিক কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, শিশু সাহিত্যের জন্য বাংলার সাহিত্য আকাশে উজ্জ্বল হয়ে আছেন। লেখালেখির পাশাপাশি তিনি পত্রিকা সম্পাদনা ও বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০১-২০১৬ইং/মোঃ সোহেল রানা/মইনুল হোসেন