মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজধানীতে গারো তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৫ বার পঠিত

arrest

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

রাজধানীর দক্ষিণখান এলাকায় গারো সম্প্রদায়ের এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শফিউল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তরুণীকে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গ্রেপ্তার যুবকের কঠোর শাস্তির দাবিতে আজ রাজধানীর গুলশানের নদ্দা এলাকায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগছাস) নেতাকর্মীরা।

ওই তরুণীর পরিচিত এক যুবক সাংবাদিকদের বলেন, উত্তরায় একটি প্রতিষ্ঠানে ওই তরুণী কাজ করেন। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরেন তিনি। তখন প্রতিবেশী যুবক শফিউল্লাহ বাসায় ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। ওই তরুণী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে যান। তখন শফিউল্লাহ পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে আজ সোমবার ভোর ৪টার দিকে দক্ষিণখান এলাকার একটি বাড়ি থেকে শফিউল্লাহকে আটক করা হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ও জড়িত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর গুলশানের নদ্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাগছাস। আজ সোমবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় আশপাশের সড়কে যানজট দেখা দেয়। পুলিশের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হলে তারা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিউল্লাহ তরুণীকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছেন। তিনি স্থানীয় একটি পোশাক তৈরির দোকানের কর্মচারী। এ ঘটনায় মামলার পর আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।