যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে উড়ে গেল যুবকের হাতের কব্জি
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে কোরবান আলী (২৪) নামে এক যুবকের দুই হাতের কব্জি উড়ে গেছে। আজ সোমবার বিকেলে শহরের বেজপাড়া-বুনোপাড়ায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত কোরবান আলী শহরের বেজপাড়া বনানী রোড এলাকার গোলাম আলীর ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্ত্রাসী বুনো আসাদের নেতৃত্বে কোরবান আলীসহ কয়েকজন আজ সোমবার বিকেলে বেজপাড়া-বুনোপাড়ার মল্লিকা রানীর ভাড়াবাড়িতে বোমা তৈরি করছিলেন। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে কোরবান আলীর দুই হাতের কব্জি উড়ে যায়। বোমা বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে এসে কোরবান আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা কোরবান আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ গণি মিয়া বলেন, নাশকতার উদ্দেশ্যে তারা বোমা তৈরি করছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
