কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে সানি (২২) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবক সানি জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে হিজলীয়া দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে সুরুজ মিয়ার ছেলে মফিজুলের নেতৃত্বে একদল ব্যক্তি সানির ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, প্রায় দুই থেকে তিন বছর আগে একটি স্কুলের খেলাকে কেন্দ্র করে মফিজুলের সঙ্গে সানির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সানি তাকে চড় মারেন। সেই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের অভিযোগ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, পূর্বশত্রুতার কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।