ভৈরবে সাত মাস বয়সী শিশু তানভীর আহম্মেদ মুজাহিদ হত্যার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি ও শিশুটির বাবা মেরাজ মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। শনিবার (০২ মে) দুপুরে উপজেলার মানিকদী পূর্বকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মেরাজ মিয়া ওই এলাকার মৃত ফেলু মিয়ার ছেলে।
র্যাব জানায়, মামলা হওয়ার পর থেকেই আসামিদের ধরতে ছায়া তদন্ত ও অভিযান শুরু করে তারা। শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে মানিকদী পূর্বকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মেরাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাজাহান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ মিয়া নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। মূলত পারিবারিক কলহের জেরে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। তদন্তের স্বার্থে পরবর্তী বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ, গত ১৬ এপ্রিল অভিযুক্ত মেরাজ মিয়া তার শ্বশুরবাড়ি থেকে শিশু মুজাহিদকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে যান। পরবর্তী সময়ে তিনি দাবি করেন যে, শিশুটিকে তিনি বিক্রি করে দিয়েছেন। নিখোঁজের সাত দিন পর, ২৩ এপ্রিল সকালে স্থানীয় একটি বিলের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এই নৃশংস ঘটনায় শিশুটির মা তাসলিমা বেগম বাদী হয়ে স্বামী মেরাজ মিয়াসহ ৫ জনের নাম উল্লেখ করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।