সারাদেশের মতো কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলাতেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ভূমি সেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. এম ওসমান ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংবাদকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা ভূমি সেবার মানোন্নয়ন, ডিজিটাল পদ্ধতির ব্যবহার বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমিসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানোর পাশাপাশি সেবার স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা সম্ভব।
মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান সংগ্রহ, অনলাইন সেবা গ্রহণসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে সরাসরি তথ্য ও পরামর্শ দেওয়া হয়। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ এমন আয়োজনকে সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেন।