কিশোরগঞ্জের কটিয়াদীতে গোয়াল ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার ছেলের বউয়ের প্রাণ গেছে।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে বলে কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন- ওই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মেহেরা খাতুন (৫০) ও তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।
স্থানীয়দের ভাষ্য, মেহেরা ও খালেদা বাড়ির গোয়ালঘরে কাজ করতে গেলে সেখানে থাকা একটি খোলা বৈদ্যুতিক তার জানালার গ্রিলের সঙ্গে সংযুক্ত অবস্থায় ছিল। এক পর্যায়ে তারা জানালার গ্রিল স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।