কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ভোরে কিশোরগঞ্জ-ঢাকা রেলপথে কটিয়াদী উপজেলার রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ (৩৬) কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার চাঁন মিয়ার ছেলে।
পরিবারের লোকজন জানান, রাতে তিনি বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। সকালে গচিহাটা স্টেশন এলাকায় রেললাইনে কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আরিফ হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
অসাবধানতাবশত রেললাইনের ওপর ঘুমিয়ে পড়ায় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন বলে ধারণা স্থানীয়দের। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।