muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জে মোবাইল চুরির সন্দেহে বন্ধুর হাতে বন্ধু খুন

করিমগঞ্জে মোবাইল চুরির সন্দেহে বন্ধুর হাতে বন্ধু খুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে ঘনিষ্ঠ বন্ধুর ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর বাজার ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

নিহত অপু (১৬) সাঁতারপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত সীমান্ত মিয়া (১৫) একই গ্রামের মাহবুব আলমের ছেলে। নিহত ও অভিযুক্ত সম্পর্কে খালাতো ভাই হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সীমান্তের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় সে তার বন্ধু অপুকে সন্দেহ করে এবং মোবাইল ফোন চুরির অভিযোগ তোলে। বিষয়টি নিয়ে এলাকায় একটি গ্রাম্য সালিস অনুষ্ঠিত হয়। সালিসে অপুর বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ না পাওয়ায় তাকে নির্দোষ ঘোষণা করা হয়। তবে সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সীমান্ত। এরপরও সে অপুকেই মোবাইল চুরির জন্য দায়ী বলে সন্দেহ করতে থাকে।

সালিসের পর বিষয়টি শেষ হয়ে গেছে বলে সবাই মনে করলেও সীমান্ত ক্ষোভ পুষে রেখেছিল। গত তিন দিন ধরে দুজনের মধ্যে মোবাইল ফোন হারানোর বিষয়টি নিয়ে একাধিকবার কথা-কাটাকাটি হয়। মঙ্গলবার দুপুরে সীমান্ত কৌশলে অপুকে সাঁতারপুর বাজার ব্রিজসংলগ্ন এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে আবারও মোবাইল ফোন নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সীমান্ত তার সঙ্গে থাকা একটি ধারালো ছুরি দিয়ে অপুর পেটে আঘাত করে।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অপু ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অভিযুক্ত সীমান্তকে ধাওয়া করে আটক করেন। গুরুতর আহত অপুকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার চলতি দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত সীমান্তকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।"

Tags: