কিশোরগঞ্জের ভৈরবে চুরি হওয়া একটি নৌকার খোঁজ চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাদ্দাত হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাত হোসেন (২০) লক্ষ্মীপুর গ্রামের আরমান মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কয়েল কারখানায় শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও সাদ্দাতের পরিবারের সূত্রে জানা গেছে, সাদ্দাতের মামা স্বপন মিয়া পেশায় জেলে। তিনি বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রায় দুই সপ্তাহ আগে তার মাছ ধরার নৌকাটি বাড়ির ঘাট থেকে চুরি হয়।
স্বপনের অভিযোগ, একই এলাকার ডাকাত সরদার আনার মিয়া নৌকাটি চুরি করেছেন। আনারের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক ডাকাতি ও হত্যা মামলা আছে।
স্বজনদের ভাষ্য, নৌকার সন্ধান চাইতে কয়েক দিন আগে আনারের কাছে গিয়েছিলেন স্বপন মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। গতকাল সোমবার রাতে এলাকার একটি চায়ের দোকানের সামনে আনারকে দেখতে পান সাদ্দাত। এ সময় তিনি মামার চুরি যাওয়া নৌকার বিষয়ে জানতে চান। একপর্যায়ে সাদ্দাতের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান আনার। পরে স্থানীয়রা আহত অবস্থায় সাদ্দাতকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানিয়া ইসলাম বলেন, ‘ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানিয়া ইসলাম বলেন, ওই তরুণের গলার বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।’
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘স্টিলের নৌকা চুরির ঘটনায় ও পূর্ব শত্রুতার জেরে আনার ও সাজ্জাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনায় সাজ্জাদকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’