পাকুন্দিয়া

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, প্রতিবাদে অবরোধ

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, প্রতিবাদে অবরোধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নূরুজ্জামান ( ৫০) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন।

শনিবার সকালে উপজেলার বাহাদিয়া গ্রামের পাচঁ পীরের মাজারের কাছে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান বাহাদিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে পাচঁ পীরের মাজারের কাছে সিএনজি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পান ব্যবসায়ী নুরুজ্জামান সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনা দেখার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে সিএনজি দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩ জনকে পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাহাদিয়া এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ওপর গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় একটি প্রাইভেট কার ও একটি সিএনজি ভাঙচুর করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ২ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, সড়ক থেকে পুলিশ উত্তেজিত জনতাকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tags: