কুলিয়ারচরে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু বক্কর (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (১১সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর সালুয়া নিজ গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে দেয়া হয়।
আটক আবু বক্কর উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের মরহুম রুসমত আলীর ছেলে।
জানা যায়, এর আগের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যান আবু বক্কর। একপর্যায়ে শিশুটির সাথে অনৈতিক আচরণ ও ধর্ষণের চেষ্টা করা হয়।
বিষয়টি টের পেয়ে শিশুটির স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও শিশুদের সাথে অনৈতিক আচরণের অভিযোগ ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে তিন বছরের শিশুকে কেন্দ্র করে এমন গুরুতর অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা উদঘাটনের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু বক্কর নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনার পর শিশুটির পরিবারের সদস্যরা শিশুটির চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় এসে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দাখিল করতে না পারায় মামলা রুজু করা সম্ভব হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’