মূল সংবাদে যান
১৪ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

প্রতিনিধি ৩৪ বার পঠিত ২ মিনিটের পাঠ
কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়েছেন ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেনু মিয়া।

উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় তার নিজ বাড়িতে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাতক রেনু মিয়া মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ বলছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সোমবার দুপুরে কুলিয়ারচর থানা পুলিশ অভিযান চালিয়ে রেনু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হলেও কোনো ধরনের হট্টগোলের ঘটনা ঘটেনি। এ সময় মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় রেনু মিয়া কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

পরে পুলিশ রেনু মিয়ার পরিবারের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, “রেনু মিয়ার পালিয়ে যাওয়ার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে”।