কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের চারদিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো: জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় কটিয়াদী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিল্লুর রহমান নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। ঘটনার পরপরই কটিয়াদী সার্কেলের এএসপি মো: তোফাজ্জল হোসেনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জিল্লুর রহমানের গ্রামের বাড়ি পাশের জেলায় হলেও দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে কটিয়াদী সদরে বসবাস করতেন। স্ত্রী ছাড়াও তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কটিয়াদী পৌর এলাকায় তার দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
এর মধ্যে মুন ডিজিটাল স্টুডিও অ্যান্ড কালার ল্যাব নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে পরিচালনা করছিলেন। পাশাপাশি কয়েক বছর আগে ওয়ান টাইম প্লেট অ্যান্ড গ্লাস তৈরির কারখানা চালু করেন।
পরিবারের লোকজন জানান, শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সোমবার সকালে স্ত্রী ও পরিবারের সদস্যরা ব্যবসা প্রতিষ্ঠান খুলে তার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ওই কারখানায় কাজ করা দুই কর্মী মদিনা ও শারমিন বলেন, বৃহস্পতিবার দুপুরে আমরা সর্বশেষ কাজ করে চলে যাই। আমরা ছাড়াও আরেকজন ড্রাইভার ছিল, তবে তার নাম আমরা জানি না।
তিনিও এখানে কাজ করতেন। মালামাল আসলে আমাদের ফোনে জানানো হতো। এরপর থেকে কাজের জন্য আর কোনো ফোন পাইনি।
ঘটনার পর থেকে ওই ড্রাইভারের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে কেউ তার নাম-পরিচয় জানাতে পারেননি।
নিহতের স্ত্রী অন্তরা বলেন, প্রতিদিনের মতো শুক্রবার সকালে নাশতা খেয়ে বাসা থেকে বের হন তিনি। এরপর দুপুরে সর্বশেষ কথা হয়। পরে ফোনে কল গেলেও তিনি রিসিভ করেননি। অনেক খোঁজাখুঁজির পর ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেখি তার লাশ মেঝেতে পড়ে রয়েছে।
নিহতের চাচাতো ভাই আব্দুল হাশিম বলেন, কীভাবে এমন ঘটনা ঘটেছে, তার সঠিক তদন্ত চাই। আমার ভাই খুবই ভালো মানুষ ছিলেন। আমরা তার নম্বরে অনেক বার কল দিয়েছি, কিন্তু ফোন খোলা থাকলেও কল রিসিভ হয়নি।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তার নিখোঁজের বিষয়ে থানাকে আগে অবগত করা হয়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।’